চট্টগ্রাম প্রেসক্লাবের ঐতিহাসিক নামফলক উদ্ধার, জনমনে মিশ্র প্রতিক্রিয়া
- আপডেট সময় : ০১:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রেসক্লাবের ঐতিহাসিক নামফলক উদ্ধার, জনমনে মিশ্র প্রতিক্রিয়া
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবাহী ফলক গোডাউন থেকে উদ্ধারের পর আলোচনা
চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাসের অংশ হিসেবে বিবেচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবাহী একটি ঐতিহাসিক নামফলক গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা ফলকটি উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের একটি পরিত্যক্ত গোডাউন পরিষ্কার করার সময় নামফলকটি উদ্ধার করা হয়। পরে সেটি পরিষ্কার করে প্রেসক্লাবের অফিসে সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, ১৯৭৮ সালের ২৪ ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই সময় স্থাপিত নামফলকটি এক পর্যায়ে সরিয়ে ফেলা হয় বলে দাবি করা হয়। সম্প্রতি পুরোনো কাগজপত্র ও আবর্জনা পরিষ্কারের সময় কাদা ও ময়লার স্তূপের ভেতর থেকে ফলকটি উদ্ধার হয়।
প্রেসক্লাবের সিনিয়র সদস্যদের সঙ্গে আলাপকালে জানা যায়, নামফলকটি এক সময় প্রেসক্লাব ভবনের সামনের দেয়ালে স্থাপিত ছিল। এটি কীভাবে এবং কোন সময়ে সরানো হয়েছিল—সেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ঐতিহাসিক বা স্থাপনার ভিত্তিপ্রস্তরের ফলক সরিয়ে ফেলা, ভাঙচুর করা বা বিকৃত করা হলে তা দণ্ডবিধির আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে নামফলক উদ্ধারের পর রাজনৈতিক ও সচেতন মহলের একটি অংশ এ বিষয়ে তদন্ত ও দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক নিদর্শনটি যথাযথ স্থানে পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।














