নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০
- আপডেট সময় : ১০:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি বাস বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল, স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি বলেন, ভোরে চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।
ইউএনও আরও জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তে প্রশাসন কাজ করছে।





















