বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান
- আপডেট সময় : ০৭:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

বগুড়ায় চানাচুর ও সরিষার তেলের ৫ প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় চানাচুর ও সরিষার তেল উৎপাদনকারী পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পণ্যের গুণগত মান পরীক্ষা এবং লাইসেন্স গ্রহণের বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (১৯ অক্টোবর) বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলার সদর উপজেলার বানদিঘী ও বানদিঘী হাট এলাকায় এ সার্ভিল্যান্স বা তদারকি অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মাহী চানাচুর, সাভার ফুড প্রোডাক্টসের ‘রকেট চানাচুর’, রুচি ফুড প্রোডাক্টস, শাহিনূর চানাচুরের ‘গোলাপ ঝুড়ি’ এবং রুমা অয়েল মিল পরিদর্শন করা হয়। এর মধ্যে প্রথম চারটি প্রতিষ্ঠান চানাচুর এবং রুমা অয়েল মিল সরিষার তেল উৎপাদন করে।
প্রতিষ্ঠানগুলোকে উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষা করে বিএসটিআইয়ের সনদ গ্রহণের পর বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স গ্রহণের জন্য আবেদন জমা দিতে পাঁচটি প্রতিষ্ঠানকে সাত কর্মদিবস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কারখানা সংস্কারের বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান অভিযান পরিচালনা করেন।



















