লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে তামিম নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বিলমাড়িয়া বাজারসংলগ্ন নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত তামিম উপজেলার বিরোপাড়া গ্রামের মো. মিঠনের ছেলে। সে বিলমাড়িয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তামিম বিলমাড়িয়া বাজারের পাশের পদ্মা নদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় ঘাট থেকে নদীতে লাফ দেওয়ার পর সে পানিতে তলিয়ে যায়। ঘাটে থাকা লোকজন চিৎকার করে তাকে খুঁজতে শুরু করেন। পরে দুপুর ১টার দিকে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তামিমকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশটির সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।






















