বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন
- আপডেট সময় : ১২:২২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়নের আটটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আগাম নির্বাচনী গণসংযোগ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিলন। এ সময় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাঁকা ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ও বাজারে গণসংযোগ করেন মিলন। এ সময় ওই ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা তার সঙ্গে ছিলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দিয়ে ও শঙ্খ বাজিয়ে মিলনকে স্বাগত জানান।
মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান মিলন। পাশাপাশি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি নিজের পরিকল্পনা ও অবস্থান তুলে ধরেন। এ সময় ইউনিয়নবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেন এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মিলন বলেন, দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ বিষয়ে তিনি আশাবাদী বলেও জানান।
তিনি আরও বলেন, পাঁকা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তার দলের পক্ষ থেকে আটটি মণ্ডপে কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে ১০ জন করে মোট ৮০ জন নেতাকর্মী কাজ করছেন।
এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ইউনিয়নবাসীর উদ্দেশে মিলন বলেন, যেকোনো আপদ-বিপদে তিনি তাদের পাশে থাকবেন এবং সাধ্যমতো সহযোগিতা করবেন।



















