মহেশখালীতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া আসামি কাসেম আবার গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

মহেশখালীতে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া আসামি কাসেম আবার গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর দীর্ঘদিন পলাতক থাকা একাধিক মামলার আসামি আবুল কাসেমকে (কাশেম) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কুতুবজুম এলাকার একটি চিংড়িঘের থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কাসেম কুতুবজুম এলাকার বটতলার বাসিন্দা মুহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কাসেমের বিরুদ্ধে মানবপাচার ও পুলিশের ওপর হামলাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এর আগে গত জুলাই মাসে কুতুবজুম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতকড়াসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে ওই সময় কুতুবজুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিউল আলমের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়াপরা অবস্থায় কাসেমকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল চিংড়িঘেরে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। রববার (১৮ অক্টবর) গ্রেপ্তার আবুল কাসেমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



















