চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
- আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ৪৩ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৩ বোতল কোডিনযুক্ত নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন ভোলাহাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ১৯৬/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে অবৈধভাবে আনা ৪৩ বোতল ভারতীয় কোডিনযুক্ত ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।
বিজিবি জানায়, সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবসমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে।



















