হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৮:০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

হোসেনপুরে ৫ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া সালমান (২১) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দক্ষিণ কুড়িমারা গ্রামের নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের গোলাপ মিয়ার দুই ছেলে মো. মাফি মিয়া (২০) ও শাকিল মিয়া (১৮) এবং মো. রফিক মিয়া (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম সালমান গত ১৮ মে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। দীর্ঘদিন তাঁর সন্ধান না পেয়ে পরিবার উদ্বিগ্ন ছিল।
নিখোঁজের ঘটনাটি তদন্ত করতে গিয়ে জেলা ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর চৌকিদার বাড়ি এলাকা থেকে শাকিল ও মাহিন নামে দুই সহোদরকে গ্রেপ্তার করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সালমানকে হত্যার পর তাঁর মরদেহ নরসুন্দা নদীতে গুম করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে দক্ষিণ কুড়িমারা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। তাঁদের দেখানো স্থান থেকে নদীর কচুরিপানার নিচে সালমানের দেহাবশেষের কঙ্কাল উদ্ধার করা হয়।
পাঁচ মাস পর নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল হাসিম সবুজ বলেন, নিখোঁজ হওয়ার পরপরই পুলিশ যথাযথ ভূমিকা নিলে হয়তো সালমানকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, বিষয়টি জেলা ডিবি পুলিশ তদন্ত করছে। তারাই এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবে।
কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. জাকির হোসেন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে শনিবার বিষয়টি নিয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।



















