পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি
- আপডেট সময় : ০৭:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

পুঠিয়ায় এক সপ্তাহ ধরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র, থানায় জিডি
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় মো. আব্দুস সামাদ (১৩) ও মো. আমির হামজা (১৩) নামের দুই মাদ্রাসা শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত ১০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বানেশ্বর হাফেজিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকা থেকে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ আব্দুস সামাদ পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা মো. আবু বাক্কারের ছেলে এবং ও আমির হামজা চারঘাট উপজেলার তাতারপুর এলাকার মো. আরব উদ্দিনের ছেলে। আব্দুস সামাদ ও আমির হামজা বানেশ্বর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
আমির হামজার বাবা মো. আরব উদ্দিন জানান, প্রতিদিনের মতো গত ১০ অক্টোবর দুপুরে আমির বাড়িতে খেতে আসে। খাওয়া শেষে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। সেখানে শিক্ষকদের চুল কেটে মাথা ন্যাড়া করে দেওয়ার কথা শুনে ভয় পেয়ে সে আবার বাড়িতে ফিরে আসে। পরে বাবার বোঝানোর পর আবার মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ক্লাস শুরুর আগে সে নিখোঁজ হয়। ওই সময় আব্দুস সামাদও নিখোঁজ হয় বলে জানান তিনি।
বানেশ্বর হাফেজিয়া মাদ্রাসার প্রধান হুমায়ন কবির বলেন, আব্দুস সামাদের অভিভাবক গত ৯ অক্টোবর ছুটি নিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। পরদিন শনিবার সন্ধ্যায় তার মাদ্রাসায় ক্লাস করার কথা ছিল। সন্ধ্যায় আব্দুস সামাদ ও আমির হামজাকে অনুপস্থিত দেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। তখন দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আব্দুস সামাদের বাবা আবু বাক্কার পুঠিয়া থানায় জিডি করেছেন। অন্যদিকে, আমির হামজার বাবা মো. আরব উদ্দিন গত ১২ অক্টোবর থানায় জিডি করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ খান বলেন, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দুই শিক্ষার্থীর সন্ধান ও উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নিখোঁজ দুই কিশোরের সন্ধান পেলে তাদের পরিবারের সদস্যদের অথবা নিকটবর্তী থানায় দ্রুত খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তাদের সন্ধানে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পরিবার।



















