পুঠিয়ায় পাটবোঝাই টলি উল্টে একজনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

পুঠিয়ায় পাটবোঝাই টলি উল্টে একজনের মৃত্যু
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় পাটবোঝাই একটি টলি উল্টে চাপা পড়ে আয়েজ উদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ধোকড়াকুল আখ সেন্টারের কাছে পুঠিয়া-তাহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পেছন থেকে আসা ধানবোঝাই একটি নসিমনের ধাক্কায় টলিটি উল্টে যায় বলে অভিযোগ উঠেছে।
নিহত আয়েজ উদ্দিন মোল্লা বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামের মৃত ফায়াজ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়েজ উদ্দিন ও টলিচালক মো. শুভ তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত টলিতে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে ধোকড়াকুল আখ সেন্টারের কাছে পেছন থেকে আসা ধানবোঝাই একটি নসিমন তাদের টলিতে ধাক্কা দেয় বলে অভিযোগ। এতে টলিটি উল্টে গেলে নিচে চাপা পড়েন আয়েজ উদ্দিন।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ধানবোঝাই নসিমনটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
দুর্ঘটনাগ্রস্ত টলির চালক মো. শুভ বলেন, আমার পিছনে তিন-চারটি ট্রাক ছিল। সেগুলি সহজেই বেরিয়ে গিয়েছে। অথচ ধানবোঝাই নসিমনটি আমাদের গাড়িতে ধাক্কা দিয়ে উল্টে দেয়। গাড়ির নীচে চাপা পড়েই আয়েজ উদ্দিন মোল্লার মৃত্যু হয়।
আয়েজ উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে স্বজনদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
দুর্ঘটনার বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ফিরে এলে বিস্তারিত জানাতে পারব।



















