পঞ্চগড়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত
- আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শনী এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস নিতুসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্কুল সিলেবাস থিয়েটারের আওতায় ‘সাদাছড়ির গল্প’ শীর্ষক নাটক প্রদর্শনী। সরকার হায়দারের রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন থিয়েটার ক্লাব। নাটকটির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জীবনসংগ্রাম, সক্ষমতা, আত্মবিশ্বাস এবং সমাজে চলার পথে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা হিসেবে নয়, সম্ভাবনাময় ও সক্ষম নাগরিক হিসেবে দেখতে হবে। তাদের নিরাপদ চলাচল, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতারও প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















