পঞ্চগড়ে ৭০ বস্তা অবৈধভাবে মজুত সার জব্দ, দুই ব্যক্তিকে জরিমানা
- আপডেট সময় : ১০:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ৭০ বস্তা অবৈধভাবে মজুত সার জব্দ, দুই ব্যক্তিকে জরিমানা
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া এবং গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, একই দিন উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। সেখানে জাহিদুল ইসলামের প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মজুত রাখা ৯ বস্তা সার জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুতের দায়ে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে ইউএনও ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধভাবে মজুত করা সার জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিধি অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা সার মঙ্গলবার প্রকৃত কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।




















