রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন
- আপডেট সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজা টংকনাথ জমিদারের জয়কালী রাধামাধব মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রতিকৃতি, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় ঢাক-ঢোলের তালে তালে কৃষ্ণনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি পরিণত হয় উৎসবমুখর আয়োজনে।
এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি গৌর চন্দ্র বসাক, রাণীশংকৈল পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমেন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক হরি মোহন রায়, বৈষ্ণব কমিটির সভাপতি সুধীর চন্দ্র রায়, বিষ্ণু বসাক, গোপেন্দ্রনাথ রায়, প্রশান্ত বসাক, মিন্টু বসাক, এএসআই জতিশ চন্দ্র রায়, মন্দিরের সেবায়েতসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর বাণী ও জীবনদর্শন আজও মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পূজা-অর্চনা, গীতা পাঠ ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
সব মিলিয়ে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাণীশংকৈলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।














