চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা
- আপডেট সময় : ০৬:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা
মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা বাজার সংলগ্ন একটি কালভার্টের পাশে নির্মাণ করা হচ্ছে অটো রাইস মিল। ব্যস্ততম সড়কের একেবারে পাশে নির্মাণসামগ্রী রাখায় সংকুচিত হয়ে পড়েছে চলাচলের জায়গা। এতে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তির পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের জন্য ব্যবহৃত বালু, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সড়কের পাশে রাখায় রাস্তার একটি অংশ দখল হয়ে গেছে। ফলে ব্যস্ত এই সড়কে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এলাকাবাসী আরও জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের পাশে রাখা বালু শুকিয়ে বাতাসে উড়ে যায়। এতে যানবাহনের চালকদের চোখে বালু ঢুকে স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দ্রুতগতির যানবাহনের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয়দের ভাষ্য, রহনপুর-আড্ডা সড়কটি গোমস্তাপুর উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন এ পথে ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের পাশে অপরিকল্পিতভাবে নির্মাণসামগ্রী রাখায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে, নির্মাণাধীন অটো রাইস মিলটির প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স রয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, অটো রাইস মিল স্থাপনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন থাকা জরুরি। পাশাপাশি খাদ্য বিভাগের লাইসেন্স, বিএসটিআইয়ের অনুমোদন এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন রয়েছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন।
তবে নির্মাণাধীন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ প্রয়োজনীয় সব অনুমোদন নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা দাবি জানান, সরেজমিনে তদন্ত করে সড়কের পাশে নির্মাণসামগ্রী রাখার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি অটো রাইস মিলটির প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র রয়েছে কি না, তা যাচাই করা হোক।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সড়কের পাশ থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া এবং প্রতিষ্ঠানটির অনুমোদনের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



















