লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু
- আপডেট সময় : ১০:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত গোলাম মোস্তফা ওরফে হোনা মিয়া (৫০) মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গোলাম মোস্তফা ওরফে হোনা মিয়া লালপুর উত্তরপাড়া এলাকার মৃত খোদাবক্সের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে লালপুর ডিগ্রি কলেজের মোড়ে লালপুর থেকে জয়পুরহাটগামী ইটবোঝাই একটি ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট-১২-০৮১৯) পথচারী গোলাম মোস্তফাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা ওরফে হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লালপুর থানা থেকে বেতার বার্তা পাঠিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়।























