রাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা ছাত্রদল সভাপতির
- আপডেট সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

রাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা ছাত্রদল সভাপতির
আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে বক্তব্যে ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, হুমকি-ধমকি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক মিছিল শেষে বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া প্রতিবাদ ও প্রতিরোধ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের নেতারা।
শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সে কারণে মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।”
সমাবেশে সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, “যে স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিয়েছে, হত্যা, গুম ও খুন করেছে; তাদের দেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে। ছাত্রলীগ যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আওয়ামী লীগ ২৩ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে। তাদের মোকাবিলায় আমাদের ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে হবে।”
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




















