শেরপুর সীমান্তে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১
- আপডেট সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩৩৮ বার পড়া হয়েছে

শেরপুর সীমান্তে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ১
বিজিবির অভিযানে প্রায় ২৩ লাখ টাকার মাদক উদ্ধার, ঝিনাইগাতী থানায় মামলা
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরু চরণ দুধনই এলাকায় পানবর-ধানশাইল সড়কে অভিযান চালায়।
এ সময় একটি হলুদ রঙের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয় এবং আকাশ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক আকাশ শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে বলে জানা গেছে।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ ভ্যানের সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। অভিযানে ভারতীয় আটটি ব্র্যান্ডের মোট ৫৪৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিজিবির নায়েক নাজমুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক আকাশকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।






















