রায়গঞ্জে বসতঘরে আগুন, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
- আপডেট সময় : ০২:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে

রায়গঞ্জে বসতঘরে আগুন, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
আটঘরিয়ায় দুই ভাইয়ের তিন ঘর ও রান্নাঘর পুড়ে ছাই; শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন মো. আব্দুস সামাদ মন্ডল ও তার ভাই আব্দুল জামাত মন্ডল। আগুনে তাদের তিনটি ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। সামাদের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে নগদ প্রায় চার লাখ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও ঘরের চাল পুড়ে গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।



















