বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনিক ভবনের হিসাবরক্ষণ অফিসে চুরি
- আপডেট সময় : ০২:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৫১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনিক ভবনের হিসাবরক্ষণ অফিসে চুরি
জানালার লক ভেঙে দুটি কম্পিউটার মনিটর নিয়ে গেছে দুর্বৃত্তরা, সিসিটিভি ফুটেজে শনাক্তের চেষ্টা
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। জানালার লক ভেঙে অফিসের ভেতরে থাকা দুটি কম্পিউটারের মনিটর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার (৪ জানুয়ারি) সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে।
কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যান। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কার্যালয় বন্ধ ছিল। রোববার সকালে অফিস সহায়ক রেজাউল করিম কক্ষের দরজা খুলে জানালার পর্দা এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে দেখা যায়, জানালার লক ভাঙা এবং অফিসের দুটি ডেস্কে থাকা কম্পিউটারের মনিটর নেই। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে অন্য কর্মকর্তাদের জানান।
খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম বলেন, তিনি বর্তমানে নলডাঙ্গা ও বাগাতিপাড়া—দুই উপজেলার দায়িত্বে রয়েছেন। নলডাঙ্গায় অবস্থানকালে স্টাফদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশের পরামর্শে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি উপজেলা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মঞ্জুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী সময়ে মামলা দায়ের করা হবে।




















