পঞ্চগড়ের সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত গরু ব্যবসায়ীর মৃত্যু, পরিবার ও বিজিবির দাবি হৃদরোগে মৃত্যু।
- আপডেট সময় : ০২:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত গরু ব্যবসায়ীর মৃত্যু, পরিবার ও বিজিবির দাবি হৃদরোগে মৃত্যু।
পঞ্চগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত গরু ব্যবসায়ী ৩৪ বছর বয়সী রাজু ইসলাম মারা গেছে। রোববার (১৫ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার (১৪ জুন) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাঘড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৩ নং সাব পিলার এলাকায় গুলিবিদ্ধ হয় রাজু। নিহত রাজু ঘাগড়া সীমান্ত এলাকার ঝুলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে।
পুলিশ ও সীমান্তের বাসিন্দরা জানান, শনিবার রাতে রাজুসহ ৪/৫ যুবক ঘাগড়া ঝুলিপাড়া সীমান্তের কাছে গরু আনতে যায়। এ সময় ওই সীমান্তের বিপরীতে ভারতের কাঞ্চজঙ্ঘা বিওপির বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। বিএসএফ এর ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও রাজুর দুই পায়ে গুলি লাগে। তারা আরো জানান, ঘটনাস্থলের পাশেই রাজু বাড়ি হওয়ায় গুলিবিদ্ধ অবস্থাতেই রাজু বাড়িতে চলে যায়। কিন্তু রোববার সকালে তার অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা তাকে রংপুর মেডিক্যেল কলেজ হাসপালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ রাজুর বাড়িতে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
এদিকে বিএসএফের গুলিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন, নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মো. বদরুদ্দোজা। নিহতের পরিবারের পক্ষ থেকেও একই দাবি করা হয়। তবে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ বলছেন, যেহেতু প্রাথমিক সুরতহালে মরদেহের পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে তাই ময়নাতদন্তের পরে যানা যাবে তার মৃত্যুর সঠিক কারণ।




















