পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু
- আপডেট সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

পূজা শেষ ও প্রতিমা বিসর্জন পর্যন্ত মন্দির পাহারা দেবে বিএনপি- হুইপ দুলু
নাটোর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দুর্গাপূজা শেষ ও প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মন্দির পাহারা দেবেন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কদম সাতুরিয়া সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে ভক্তদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই হিন্দু সম্প্রদায়সহ সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পূজা উদ্যাপন শেষ ও প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা রাখতে হবে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন।
সরকারি অনুদানের বিষয়ে দুলু বলেন, তারেক রহমানের সরকার প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল অনুদান দিয়েছে। এর সঙ্গে তার ব্যক্তিগত উদ্যোগে আরও ২০০ কেজি করে চাল যোগ করে প্রতিটি মন্দিরে মোট ৮০০ কেজি চাল পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবি কাউন্সিলর ফারহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতাকর্মী ও পূজারিরা।



















