নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে একটি জর্দ্দা কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা বাজারে ভেজাল বিরোধী অভিযানের সময় বেনামিয় জর্দ্দা কারখানার মালিক রবিউল ইসলামকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে নলডাঙ্গা উপজেলা প্রশাসন জানতে পায় নলডাঙ্গা বাজার এলাকায় মৃত ইসলাম হোসেনের ছেলে রবিউল ইসলামের বাড়িতে একটি নামবিহীন জর্দ্দা কারখানায় পণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো হচ্ছে এবং মিথ্যা বিজ্ঞাপনের স্টিকার লাগিয়ে বাজারজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৪ ধারায় তাকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় নলডাঙ্গা থানা-পুলিশ উপস্থিত ছিলেন।




















