বাগাতিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃ/ত্যু
- আপডেট সময় : ১১:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৯৩৯ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃ/ত্যু
বড়াল নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নাটোরের বাগাতিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে লিখন রহমান খান ওরফে ভোলা (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার নওশেরা এলাকার বড়াল নদীতে এ ঘটনা ঘটে।
নিহত লিখন রহমান খান উপজেলার আরাজি মাড়িয়া (নওশেরা) গ্রামের বাসিন্দা মোশারোফ হোসেন খান মশার ছোট ছেলে ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিখন রহমান খান ভোলা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এছাড়া তার শারীরিক ওজনও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে বাগাতিপাড়া থানাধীন মালঞ্চি বাজারে থাকা তাদের কাঁচামালের দোকান থেকে বাড়িতে যান লিখন। পরে বাড়ি থেকে একটি ঠেলা জাল নিয়ে বড়াল নদীতে মাছ ধরতে যান।
বিকেল আড়াইটা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় নদীর পানিতে তিনি উপুড় হয়ে পড়ে যান। এ সময় তার ফুপু বেদেনা খাতুন নদীর পাড়ে গিয়ে তাকে পানিতে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “নিহতের পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।”










