
কৃষি মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুযায়ী বরাদ্দ পাওয়া ইউরিয়া সার উত্তোলনে মৌখিক নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ তুলেছেন নাটোরের বিএডিসি সার ডিলাররা। বরাদ্দকৃত সার উত্তোলনের সুযোগ নিশ্চিত করা এবং কথিত মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এবং কৃষি মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা অনুযায়ী বিএডিসি সার ডিলারদের অনুকূলে ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দকৃত সার উত্তোলন করতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌখিক নিষেধাজ্ঞার কথা জানানো হচ্ছে। ফলে তারা বরাদ্দ পাওয়া সার উত্তোলন করতে পারছেন না।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বিএডিসি সার ডিলাররা। আবেদনে সমন্বিত নীতিমালা-২০২৬-এর অনুচ্ছেদ ১.৩ এবং কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অনুবিভাগের ১৫ নভেম্বর ২০২৬ তারিখের ২২১ নম্বর স্মারকের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, নীতিমালা ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর ২০২৬ মাসের জন্য বিএডিসি সার ডিলারদের অনুকূলে ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছে। তবে মৌখিক নিষেধাজ্ঞার কারণে তারা বরাদ্দকৃত সার উত্তোলন করতে পারছেন না।
বক্তারা বলেন, সরকারি নীতিমালা ও মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা অনুযায়ী বরাদ্দ দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় ডিলাররা বরাদ্দের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাদের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কৃষি মৌসুমে এ ধরনের প্রতিবন্ধকতা কৃষি উৎপাদনেও বিরূপ প্রভাব ফেলতে পারে।
নাটোর জেলা বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ খান বলেন, “আমরা ইউরিয়া সার উত্তোলন করতে গেলে হঠাৎ মৌখিকভাবে জানানো হয়, আমরা ইউরিয়া সার পাব না। অথচ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমাদের সার বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। কেন হঠাৎ এই বরাদ্দ বন্ধ করা হলো, তা আমরা বুঝতে পারছি না। বরাদ্দকৃত সার পাওয়ার দাবিতেই আজ আমরা মানববন্ধন করেছি।”
তিনি আরও বলেন, মৌখিক নির্দেশনা প্রত্যাহার করে ২০২৬ সালের নীতিমালা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং ডিসেম্বর মাসের বরাদ্দকৃত ইউরিয়া সার উত্তোলনের সুযোগ দিতে হবে।
বিএডিসি অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল মান্নান বলেন, তারা ২০২৬ সালের নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান। কী কারণে হঠাৎ এ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তা তাদের কাছে স্পষ্ট নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি নাটোরের সংসদ সদস্যদেরও হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নাটোর জেলা বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরদার বলেন, সব ডিলারকে সমান সুযোগ দেওয়ার লক্ষ্যে ২০২৬ সালের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সেই নীতিমালা অনুযায়ী জেলা পর্যায়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তাদের সার বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বরাদ্দকৃত সার বাফার গুদাম থেকে উত্তোলন করতে গেলে জানানো হয়, তাদের বরাদ্দ স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, সরকারি সার ডিলার হিসেবে ইউরিয়া ও নন-ইউরিয়া সার সমানভাবে বরাদ্দের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ করতে পারেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান ঢাকা পোস্টকে বলেন, ২০২৬ সালে সারসংক্রান্ত একটি সভায় সিদ্ধান্ত হয়েছিল, বিএডিসি ও বিসিআইসি ডিলার হিসেবে আলাদা কোনো শ্রেণি থাকবে না; বরং সব ডিলারকে সরকারি সার ডিলার হিসেবে গণ্য করা হবে। সেই সিদ্ধান্তের আলোকে জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
তিনি জানান, এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে একটি চিঠিও এসেছে। সেখানে ডিসেম্বর মাস থেকে সব ডিলারকে সব ধরনের সার সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার আলোকে বিএডিসির ডিলারদের সার বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কার্যক্রম বাস্তবায়নের ঠিক আগে ঢাকা থেকে বিএডিসি ডিলারদের সার বরাদ্দ না দেওয়ার নির্দেশনা আসে।
উপপরিচালক আরও বলেন, “এটি মূলত মৌখিক নির্দেশনা। এখন পর্যন্ত এ বিষয়ে আমরা কোনো লিখিত চিঠি পাইনি। আমাদের পরিচালক ও অতিরিক্ত পরিচালক মহোদয়ের মাধ্যমে গ্রুপের বার্তায় এ নির্দেশনা জানানো হয়েছে। পরবর্তী সময়ে অতিরিক্ত পরিচালক মহোদয়ও জানিয়েছেন, বিএডিসি ডিলারদের সার বরাদ্দ আপাতত বন্ধ রাখতে হবে। লিখিত নির্দেশনা পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনে নাটোর জেলা বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ খান, সহসভাপতি মনিরুজ্জামান হেনা, গুরুদাসপুরের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, বাগাতিপাড়া সার-বীজ অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.