
শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের এমপিওভুক্তির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার উন্নয়নে যে গুরুত্ব দিয়েছিলেন, সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কখনো বাজেটের অভাব হয়নি। শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন, তা সরকার সবসময় করে আসছে। প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় মন্ত্রণালয় কোনটি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়কে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
শিক্ষামন্ত্রী জানান, মেয়েদের জন্য সাড়ে তিন লাখ সাইকেল কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পের আওতায় দেশের ১০ লাখ মেয়েকে সাইকেল উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৩০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে। প্রথম ধাপে ভালো ফলাফল করা ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে কম্পিউটার দেওয়া হবে।
তিনি আরও জানান, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন শিক্ষার্থীদের জন্য ৩৮ টাকা ৫০ পয়সা ব্যয়ে খাবারের ব্যবস্থা করা হবে। এ ছাড়া শিক্ষা খাতের উন্নয়নে আরও কিছু প্রকল্প নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদার। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.