
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাস, সংঘাত, অন্যায় কিংবা জোরজবরদস্তি বরদাশত করা হবে না।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পণ্ডিতগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ছাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী ঘোষণার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
হুইপ দুলু বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনে জোর করে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউকে জোর করে চেয়ারম্যান প্রার্থী হতে দেওয়া হবে না। কোনো প্রার্থী যেন সন্ত্রাস, সংঘাত কিংবা অন্যায়ভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান শাহীন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ছাতনী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.