
দেশের নির্মাণশিল্প ও অবকাঠামোগত উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিয়েছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেড। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দুটি অঙ্গপ্রতিষ্ঠানকে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) আওতায় আইএসও সনদ হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘করপোরেট নাইট ২০২৬’ অনুষ্ঠানে এসব সম্মাননা ও সনদ হস্তান্তর করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম. শামীম জেড বসুনিয়া ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফখরম্নল আমিন, অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক ও ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান স্থপতি ফাল্গুনী মল্লিক।
অনুষ্ঠানে গুণগত মান, পরিবেশ সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ধারাবাহিক উন্নয়নে প্রতিষ্ঠানের অঙ্গীকারের অংশ হিসেবে আকিজ রেডিমিক্স কংক্রিট লিমিটেডকে টিইউভি অস্ট্রিয়া এবং আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডকে জিএসসিএস সার্টিফিকেশন বডি আইএমএসের আওতায় আইএসও সনদ হস্তান্তর করে।
আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, দেশের নির্মাণশিল্প ও অবকাঠামো উন্নয়নে প্রকৌশলী, স্থপতি, নির্মাণসংশ্লিষ্ট পেশাজীবী এবং মানসম্মত নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লক্ষ্য শুধু পণ্য সরবরাহ করা নয়; আধুনিক প্রযুক্তি, মানসম্মত উপকরণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের কার্যকর নির্মাণ সমাধান নিশ্চিত করা।
তিনি আরও বলেন, নয়জন প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা প্রদান তাদের পেশাগত অবদান এবং দেশের উন্নয়নে ভূমিকার প্রতি প্রতিষ্ঠানের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের আস্থা, পেশাজীবীদের দক্ষতা এবং সম্মিলিত প্রচেষ্টায় আকিজ রেডিমিক্স ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।
আকিজ রেডিমিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কংক্রিট শুধু নির্মাণসামগ্রী নয়; প্রতিটি স্থাপনার স্থায়িত্ব, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার অন্যতম ভিত্তি। মানসম্মত কংক্রিট নিশ্চিত করতে সঠিক উপাদান নির্বাচন, নির্ভুল অনুপাত, আধুনিক প্রযুক্তি এবং কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ প্রয়োজন। আকিজ রেডিমিক্স এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মো. মোস্তাক আহমেদ এবং আকিজ রেডিমিক্সের হেড অব সেলস মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের গ্রাহক, প্রকৌশলী, স্থপতি ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এবারের করপোরেট নাইটের প্রতিপাদ্য ছিল ‘দ্য আর্ট অব কংক্রিট’। আকিজ রেডিমিক্সের অর্জন ও সাফল্য উদযাপন, করপোরেট গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শিল্পসংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.