
পৃথক দুই অভিযানে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দের দাবি এসআরবি-৫-এর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ২২৪ বোতল এস্কাফ সিরাপ, মাদক বিক্রির অভিযোগে নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডুলিপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. খোররাম ওরফে সুমন (২৯), একই এলাকার মৃত নিবারন কর্মকারের ছেলে শ্রী প্রভাত কর্মকার (৪০) এবং নলডুবরী গ্রামের মৃত হরেন কর্মকারের ছেলে শ্রী পবন কর্মকার (৪০)।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এসআরবি-৫-এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প)–এর একটি আভিযানিক দল ডুলিপাড়া গ্রামে খোররাম ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় সুমন ও প্রভাত কর্মকারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৭৩ বোতল এস্কাফ সিরাপ, নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একই ইউনিয়নের নলডুবরী গ্রামে দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখান থেকে নিজ বসতবাড়ি থেকে পবন কর্মকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরও ৫১ বোতল এস্কাফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.