বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান ও নৈশপ্রহরী নাছির উদ্দীন জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দ শুনে তারা বাইরে এসে আগুন দেখতে পান এবং দ্রুত তা নিভিয়ে ফেলেন।
তারা জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাগাতিপাড়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেপসির বোতলসদৃশ কাচের বোতল ও প্লাস্টিকের বোতলে আগুন ধরিয়ে নিক্ষেপ করে। দায়িত্বে থাকা নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.