
গ্রেপ্তার এড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ; দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানের সময় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মাসুদ রানা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মাসুদ রানাসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত মাসুদ রানা দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি হাকিমপুর সন্ন্যাসীডাঙ্গা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
দেবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন।
পুলিশ জানায়, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে দণ্ডপাল ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদের নেতৃত্বে আট সদস্যের একটি দল ইউনিফর্ম পরিহিত অবস্থায় ভোরে ওই বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন নারী-পুরুষ পালিয়ে যান। এ সময় মাসুদ রানা, তার স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং আশপাশের লোকজনকে জড়ো করেন বলে পুলিশের দাবি।
পুলিশের অভিযোগ, একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে তাদের কাজে বাধা দেন। এ সময় পুলিশ সদস্যদের মারধর এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, ভিডিওতে মাসুদ রানাকে পুলিশ সদস্যদের সঙ্গে তর্ক ও ধস্তাধস্তি করতে দেখা যায়।
ভিডিওতে মাসুদ রানাকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা কেন আসছেন, আমাকে ছিনিয়ে নিতে আসছেন। কেন আমাকে নিয়ে যাবেন? ওসি ডাকছে, আমি কেন যাব? বাহিরে যাব না, যা বলার এখানে বলেন। কী জন্য আমাকে নিয়ে যাবেন বলেন, আমি ইউপি সদস্য।’
পুলিশ আরও জানায়, মাসুদ রানার বাবা, মা, স্ত্রী ও বোনসহ পরিবারের সদস্যরা সরকারি কাজে বাধা দেন এবং তাকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি ঘটনাস্থলে যান। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বলপ্রয়োগ থেকে বিরত থাকে বলে জানায় থানা সূত্র।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাসুদ রানার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি মাদক মামলা, তিনটি প্রতারণা মামলা এবং আরও দুটি মামলাসহ মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ আড়াল করতে তিনি পুলিশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন বলেও অভিযোগ পুলিশের।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, সরকারি কাজে বাধা, মব সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের অভিযোগে মাসুদ রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.