
২০২২ সালে সরবরাহ করা দুটি টেলিফোন সেট ২০২৫-২৬ অর্থবছরের কেনাকাটায় দেখানোর অভিযোগ; ভাউচারের সত্যতা নিয়ে প্রশ্ন
পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নেই বিটিসিএলের টেলিফোন সংযোগ। অথচ টেলিফোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার কথা দেখিয়ে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ থেকে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, কেনাকাটার তালিকায় থাকা দুটি টেলিফোন সেট নতুন নয়; ২০২২ সালেই সেগুলো প্রতিষ্ঠানটিতে সরবরাহ করা হয়েছিল। এ ঘটনায় ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল ও হিসাবরক্ষক ফরহাদ হোসেনের বিরুদ্ধে।
সরেজমিনে প্রতিষ্ঠানটিতে গিয়ে কোনো টেলিফোন সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল দাবি করেন, টেলিফোনসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হয়েছে। তবে এখনো সংযোগ স্থাপন করা হয়নি। কেনা সরঞ্জামগুলো স্টোররুমে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।
সরঞ্জামগুলো দেখতে চাইলে অধ্যক্ষ জানান, স্টোরকিপার বাড়িতে চলে গেছেন। পরে মুঠোফোনে স্টোরকিপারের সঙ্গে যোগাযোগ করে সরঞ্জাম দেখানোর অনুরোধ জানানো হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। একপর্যায়ে স্টোরকিপারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কেয়ারটেকার শারমিন বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিষ্ঠানে অবস্থান করছেন বলে জানান।
পরে অধ্যক্ষকে সঙ্গে নিয়ে স্টোররুমে গিয়ে একটি আলমারিতে প্যানাসনিক ব্র্যান্ডের দুটি টেলিফোন সেট পাওয়া যায়। তবে টেলিফোন সংযোগ স্থাপনের জন্য কেনা হয়েছে বলে দাবি করা অন্য সরঞ্জাম সেখানে পাওয়া যায়নি। কেয়ারটেকার শারমিন বেগম জানান, তার হেফাজতে শুধু দুটি টেলিফোন সেটই রয়েছে।
স্টোররুমের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালে আলফাসফট টেকনোলজি লিমিটেড থেকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলে ১১ ধরনের সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল। ওই সরবরাহ চালানের সাত নম্বর ক্রমিকে প্যানাসনিক কেএক্স-টি৭৭৩০ মডেলের দুটি টেলিফোন সেটের উল্লেখ রয়েছে। সরঞ্জামগুলো গ্রহণ করেছিলেন তৎকালীন অধ্যক্ষ আমিনুল হক ও স্টোরকিপারের দায়িত্বে থাকা শারমিন বেগম। অর্থাৎ বর্তমানে স্টোররুমে পাওয়া টেলিফোন দুটি ২০২২ সালে সরবরাহ করা হয়েছিল; ২০২৫-২৬ অর্থবছরে নতুন করে কেনা হয়নি বলে নথিতে দেখা যায়।
কেয়ারটেকার শারমিন বেগম বলেন, “আমি ২০২২ সাল থেকে এখানে কর্মরত আছি। এই টেলিফোন দুটি অধ্যক্ষ আমিনুল স্যারের সময় নেওয়া হয়েছিল। এরপর আর কোনো টেলিফোন বা অন্য কোনো সরঞ্জাম আমার কাছে রাখা হয়নি।”
টেলিফোন সংযোগের বিষয়টি নিশ্চিত হতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দেবীগঞ্জ কার্যালয়ে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানা যায়, বর্তমানে দেবীগঞ্জ উপজেলার ২৫টি প্রতিষ্ঠানে বিটিসিএলের টেলিফোন সংযোগ রয়েছে। তবে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নামে কোনো সংযোগ নেই।
বিটিসিএলের দেবীগঞ্জ কার্যালয়ের লাইনম্যান হাসিবুল ইসলাম বলেন, “চার-পাঁচ মাসে একবার টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ আমাকে ডেকে পাঠান। টেলিফোন সংযোগ দিতে কী কী সরঞ্জাম লাগবে, সেসবের একটা হিসাব নেন। তবে এর পরে আমার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। বর্তমানে তাদের ওইখানে কোনো লাইন নেই।”
অন্যদিকে, অনুসন্ধানে পাওয়া আর্থিক নথি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির টেলিফোন খাতে ৫০ হাজার টাকা বরাদ্দ ছিল। গত ২১ জুন ওই বরাদ্দ থেকে টেলিফোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার বিবরণ দেখিয়ে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়। এ জন্য দেবীগঞ্জ বাজারের মা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের একটি ভাউচার জমা দেওয়া হয়।
৩৯০৫ নম্বরের ওই ভাউচারে কেনাকাটার তারিখ উল্লেখ রয়েছে ২০ জুন। এতে ৩১ হাজার ৫০০ টাকার কপার ক্যাবল, প্রতিটি ৮ হাজার টাকা দরে দুটি টেলিফোন সেটের দাম ১৬ হাজার টাকা এবং দুটি কানেক্টিং বক্সের দাম ২ হাজার টাকা দেখানো হয়েছে।
তবে ভাউচারের সত্যতা যাচাই করতে দোকানির কাছে থাকা ভাউচার বই পর্যালোচনা করে ৩৯০৫ নম্বরের ভাউচারটি তার দোকানের বলে নিশ্চিত হওয়া গেলেও বইয়ে ওই ভাউচারের কোনো কার্বন কপি পাওয়া যায়নি।
এ বিষয়ে মা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী আইনুল ইসলাম বলেন, “আমার দোকানে টেলিফোন, কানেক্টিং বক্স বিক্রি করি না। কেউ হয়তো অন্য কোনো খরচ নিয়ে ভাউচার নিয়ে গেছে। তবে আমার কাছ থেকে এ ধরনের কোনো মালামাল টেকনিক্যাল স্কুলের কেউ কেনেনি। ভাউচারের লেখাও আমার নয়।”
এদিকে, প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক ফরহাদ হোসেনের হাতের লেখার সঙ্গে সংশ্লিষ্ট ভাউচারের লেখার মিল পাওয়া গেছে বলে অনুসন্ধানে জানা গেছে। প্রতিষ্ঠানে কর্মরত একাধিক ব্যক্তিও বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাউচার তৈরির বিষয়ে জানতে হিসাবরক্ষক ফরহাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মোবাইলে কোনো কথা বলব না। কোনো কিছু জানার থাকলে রবিবার অফিসে আসেন।”
২০২২ সালে সরবরাহ করা টেলিফোন সেটকে নতুন কেনাকাটা হিসেবে দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সরকারি অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক নাহিদ ইসলাম বলেন, “আপনার মাধ্যমে অবগত হলাম। আমাদের কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত করবেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ২০২৬ সালের মে মাস থেকে মোস্তফা কামাল দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ১৪ অক্টোবর নিয়মিত বাড়িভাড়া উত্তোলন করেও প্রশাসনিক ভবনে রাত কাটানোর অভিযোগে তার বিরুদ্ধে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.