
পাঁচ দিনের আয়োজনে অংশ নেয় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ জন স্কাউট ও গার্ল গাইড
নাটোরের বাগাতিপাড়ায় "আজকের স্কাউট, আগামীর স্বপ্নসারথী"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পাঁচ দিনব্যাপী ৭ম উপজেলা স্কাউট সমাবেশ শেষ হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহাতাঁবু জলসা, ক্যাম্পফায়ার ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।
এদিন রাত ৯টায় বাংলাদেশ স্কাউটস, বাগাতিপাড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত।
বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার ওয়াদুদ বাবরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়াসহ জেলা থেকে আগত পাঁচজন সহকারী কমিশনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আকরাম আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ।
মহাতাঁবু জলসায় স্কাউট সদস্যরা নৃত্য, আবৃত্তি, অভিনয় ও বিভিন্ন ডিসপ্লে পরিবেশন করেন। পাশাপাশি ক্যাম্পফায়ার ও অতিথিদের দিকনির্দেশনামূলক আলোচনায় মুখর হয়ে ওঠে আয়োজনস্থল।
সমাপনী আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে ওঠে। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে স্কাউটদের আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ স্কাউট সমাবেশে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন স্কাউট ও গার্ল গাইড অংশগ্রহণ করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.