
বীরগঞ্জে এসআরবি-১৩-এর অভিযান; গ্রেপ্তার নুর আমিনকে থানায় হস্তান্তর
পঞ্চগড়ের দেবীগঞ্জে অপহৃত এক কিশোরীকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি মো. নুর আমিনকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে বীরগঞ্জ উপজেলার বৈরবাড়ী জঙ্গলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নুর আমিন দিনাজপুরের বীরগঞ্জ থানার বৈরপাড়া জঙ্গলপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে।
এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুর আমিনের এক নিকটাত্মীয়ের বাড়ি ভুক্তভোগী কিশোরীর বাড়ির কাছে। ওই সূত্রে সেখানে নিয়মিত যাতায়াতের সময় তিনি কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। কিশোরী তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ক্ষিপ্ত হন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এর জেরে গত ১ সেপ্টেম্বর কিশোরী বাজার থেকে বাড়ি ফেরার পথে চারটি মোটরসাইকেল নিয়ে সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।
ঘটনার পর কিশোরীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ দিনাজপুর ও সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের যৌথ আভিযানিক দল বীরগঞ্জের বৈরবাড়ী জঙ্গলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার প্রধান আসামি নুর আমিনকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.