
হৃদযন্ত্রের দুটি ভালভ প্রতিস্থাপনে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ; ছেলের চিকিৎসায় বিত্তবানদের সহায়তা চেয়েছেন বাবা
পঞ্চগড়ের ২৫ বছর বয়সী শহীদ আলম হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকদের পরীক্ষায় তার হৃদযন্ত্রের দুটি ভালভ নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়েছে। দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন তার বাবা নুর ইসলাম।
শহীদ আলম পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে। পেশায় তিনি একজন চাতাল শ্রমিক। পরিবারের দাবি, কিছুদিন আগে কাজ করার সময় হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং রক্তবমি হয়। দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সহকারী রেজিস্ট্রার চিকিৎসক ডা. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদ আলমের হৃদযন্ত্রের দুটি ভালভ নষ্ট হয়েছে। দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করা প্রয়োজন। এ জন্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা লাগতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এক মাসের মধ্যে অস্ত্রোপচার করা জরুরি।
শহীদের বাবা নুর ইসলাম বলেন, ছেলের চিকিৎসার জন্য পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। পরিবারের একমাত্র সম্বল গরু, হাঁস-মুরগি বিক্রি করেছেন। পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতায় ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভালভ প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.