
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ছয় বালিকা শিক্ষার্থী ও তাদের টিম লিডার সহকারী শিক্ষক আইরিন পারভীনসহ একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর পুকুরে পড়ে যায়। এ সময় শিক্ষক আইরিন পারভীনের উপস্থিত বুদ্ধি ও স্থানীয়দের সহযোগিতায় সবাইকে পুকুরের পানি থেকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (৪ নভেম্বর) সকালে নাটোর থেকে নিজ বিদ্যালয়ের উদ্দেশে ফেরার পথে উপজেলার কোয়ালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অটোভ্যানে একই উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় বালিকা শিক্ষার্থী ও তাদের টিম লিডার সহকারী শিক্ষক আইরিন পারভীন ছিলেন। পানিতে পড়ে যান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নাটোর রাজবাড়িতে অনুষ্ঠিত হয় সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী, রাজশাহী অঞ্চল। ক্যাম্পুরীর কার্যক্রম শেষে ছয় শিক্ষার্থী ও তাদের টিম লিডার সহকারী শিক্ষক মোছা. আইরিন পারভীন একটি রিজার্ভ অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বাগাতিপাড়া উপজেলার কোয়ালিপাড়া এলাকায় অটোর ওপর থাকা একটি লাগেজ হঠাৎ চাকার নিচে পড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটি রাস্তার পাশের গভীর পুকুরে পড়ে যায়।
এ সময় উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দেন সহকারী শিক্ষক আইরিন পারভীন। তিনি নিজ প্রচেষ্টায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং চিৎকার করে স্থানীয়দের সহযোগিতা চান। তার ডাক শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে শিক্ষক ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে যাওয়া বাকি শিক্ষার্থীদেরও উদ্ধার করা হয়।
গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষক ও ছয় শিক্ষার্থীসহ সবাই অক্ষত রয়েছেন।
দুর্ঘটনার সময় সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে সহকারী শিক্ষক আইরিন পারভীনের উপস্থিত বুদ্ধি, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.