
শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে তিন দিন চিকিৎসাধীন ছিল ছয় বছরের শিশুটি
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতঃ
নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলার সময় অগ্নিদগ্ধ হওয়া ছয় বছর বয়সী শিশু শারিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শারিন বাগাতিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর মহল্লার সাবেক কাউন্সিলর মহাসিন আলীর ছেলে। সে উপজেলার কালেক্টর প্রিপারেটরি কেজি স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির বাবা মহাসিন আলী জানান, গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলছিল শারিন। এ সময় নিজের পরনের গেঞ্জির সঙ্গে লাইটার ও কলম ঘষাঘষি করার একপর্যায়ে লাইটারটি বিস্ফোরিত হয়ে গেঞ্জিতে আগুন ধরে যায়। এতে শিশুটির শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি জুমার নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। বাড়িতে ফিরে ছেলেকে আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে পাঠানো হয়।
পরে শনিবার দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য শারিনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে শারিনের মরদেহ লাশবাহী অ্যাম্ব্যুলেন্সে করে ঢাকা থেকে বাড়িতে আনা হয়। পরে এদিন সন্ধ্যার পর স্থানীয় সামাজিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.