
হাপানিয়া সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশের অভিযোগ; বিএসএফের ধাওয়ায় অন্যরা পালালেও শিশুটি আটক হয় বলে জানা গেছে
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক হাসিফ রহমান গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ নভেম্বর রাতের কোনো একসময় কয়েকজন বাংলাদেশির সঙ্গে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে তারা। বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও হাসিফ রহমান বিএসএফের হাতে আটক হয় বলে জানা গেছে।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ জানান, লোকমুখে শিশুটিকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পান্নাপুর বিএসএফ ক্যাম্পে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.