
ধুবড়ির জোগমায়া ফেরিঘাটে পুলিশের অভিযান; ভারতে প্রবেশের পথ ও মধ্যস্থতাকারীদের ভূমিকা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলায় ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর (শুক্রবার) ব্রহ্মপুত্র নদের জোগমায়া ফেরিঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
ধুবড়ি জেলা পুলিশের বরাতে প্রকাশিত খবরে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফেরিঘাটে নজরদারি বাড়ানো হয়। হাটশিংমারি থেকে ধুবড়িগামী একটি যান্ত্রিক নৌকা ঘাটে পৌঁছালে যাত্রীদের পরিচয় ও নথিপত্র যাচাই করা হয়। নৌকাটিতে থাকা প্রায় ১২০ জন যাত্রীর মধ্য থেকে ৩৬ জনকে শনাক্ত করে আটক করা হয়।
প্রাথমিক তদন্তের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আটক ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের কয়েকজন মধ্যস্থতাকারীদের জনপ্রতি ১৪ হাজার থেকে ১৭ হাজার ভারতীয় রুপি দেওয়ার কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর দক্ষিণ শালমারা-মানকাচর জেলা হয়ে নৌপথে ধুবড়িতে পৌঁছান। তাদের গন্তব্য চেন্নাইসহ ভারতের অন্যান্য এলাকা হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তাদের প্রত্যেকের যাত্রার উদ্দেশ্য, সীমান্ত অতিক্রমের সুনির্দিষ্ট পথ এবং মধ্যস্থতাকারীদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
ধুবড়ির জ্যেষ্ঠ পুলিশ সুপার দেবাশীষ বোরার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও নথিপত্র যাচাই করা হচ্ছে। কীভাবে তারা সীমান্ত অতিক্রম করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.