
আলোচনা সভায় হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে জেলা জাসদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জাসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহসভাপতি আব্দুল হামিদ রুনুর সভাপতিত্বে এবং দলীয় নেতা আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক রবিউল ইসলাম ডলার, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জাসদের পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা সবুর, আবু হেনা বাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা জাসদের নেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান তারা।
সভায় বক্তারা দেশে 'মগের মুল্লুকসুলভ' শাসনের অবসান, জনগণের জানমাল ও মর্যাদার নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দাবি জানান।
এছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী বলে বিবেচিত বিদেশি চুক্তিগুলো বাতিলের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।
সভা শেষে জাসদের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.