
১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি; সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
উপনির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনি উত্তাপের পর এখন ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হওয়ার কথা ঠাকুরগাঁও-১ আসনের জনপ্রতিনিধি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। তিনি বলেন, কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নির্বাচনের ফলাফল যে পক্ষেই যাক, তা মেনে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলেও জানান পুলিশ সুপার।
এদিকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনি এলাকায় বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানান, ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.