
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রলিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সামনে ছিটকে পড়ে মিদুল রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু ও মোটরসাইকেল চালক আশিকুর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বালিয়াডাঙ্গী মহাসড়কের ধর্মমড়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিদুল রহমান কাঞ্চন বালুয়াডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজ মোড়ের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তার বাড়িতে স্ত্রী ও তিন মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে। আহত আশিকুর রহমান একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী বদরুল ইসলাম জানান, মিদুল তার বন্ধুর মোটরসাইকেলে পেছনে বসে মোবাইল ফোন কিনতে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যাচ্ছিলেন। পথে একটি ট্রলিকে ওভারটেক করার সময় সামনে যাত্রীবাহী বাস চলে আসে। এ সময় মোটরসাইকেলে ব্রেক করলে পেছনে বসে থাকা মিদুল ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আশিকুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী বাস বা ট্রলির কোনোটিকেই আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.