
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
শরতের শেষ সময়ে মেঘমুক্ত নীল আকাশে পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের তুষারাবৃত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকা থেকে চলতি মৌসুমে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই মনোমুগ্ধকর দৃশ্য ঘিরে পর্যটকদের মধ্যেও বাড়ছে আগ্রহ।
স্থানীয়দের ভাষ্য, সোমবার ও মঙ্গলবার সকালে সূর্যোদয়ের পর আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা গেছে। সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসে মেঘমুক্ত আকাশে তুষারশুভ্র এই পর্বতশৃঙ্গ দেখা যায়। তবে এ বছর সেপ্টেম্বরের শুরু থেকেই কয়েক দফায় এর দেখা মিলেছে বলে জানান তাঁরা।
সকালে সূর্যোদয়ের আগে কাঞ্চনজঙ্ঘাকে কিছুটা কালচে দেখায়। পরে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে বরফে ঢাকা পাহাড়ের রং বদলে যায়। কখনো লালচে, কখনো কমলা কিংবা হলুদ আভায় দেখা দেয় পর্বতশৃঙ্গটি। সকাল ১০টা থেকে ১১টার দিকে অনেক সময় এটি বেশ স্পষ্ট দেখা যায়। পরে ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। বিকেলে সূর্যের তির্যক আলোয় আবারও এর সৌন্দর্য ফুটে ওঠে, এমনটাই জানান স্থানীয়রা।
আকাশ মেঘমুক্ত থাকলে তেঁতুলিয়ার বিভিন্ন স্থান থেকে খালি চোখেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে দৃশ্যমানতা নির্ভর করে আবহাওয়া, মেঘ, কুয়াশা ও বাতাসের স্বচ্ছতার ওপর।
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে হিমালয়ের পর্বতশৃঙ্গ দেখার সুযোগ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়া দেখতে প্রতিবছর বিভিন্ন এলাকা থেকে মানুষ তেঁতুলিয়া ও বাংলাবান্ধা অঞ্চলে ছুটে আসেন।
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের টাইগার হিল, সান্দাকফু ও ফালুট থেকেও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা যায়। তবে দেশের ভেতরে থেকেই এই পর্বতশৃঙ্গ দেখার সুযোগ থাকায় বাংলাদেশের পর্যটকদের কাছে তেঁতুলিয়া একটি আকর্ষণীয় গন্তব্য।
কাঞ্চনজঙ্ঘা নেপাল ও ভারতের সিকিম অঞ্চলের সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ৫৮৬ মিটার। উচ্চতার বিচারে এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
দীর্ঘদিন কাঞ্চনজঙ্ঘাকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে মনে করা হতো। পরে জরিপের মাধ্যমে এভারেস্টের উচ্চতা বেশি বলে নির্ধারিত হয়। ১৯৫৫ সালের ২৫ মে ব্রিটিশ পর্বতারোহী দলের সদস্য জো ব্রাউন ও জর্জ ব্যান্ড প্রথম কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আরোহণ করেন।
কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের কেন্দ্র করে তেঁতুলিয়া ও বাংলাবান্ধা এলাকার আশপাশে বেশ কয়েকটি হোটেল, মোটেল ও পিকনিক স্পট গড়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকলে পর্যটকেরা এখান থেকে হিমালয়ের বরফাবৃত চূড়া দেখার পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করেন।
প্রকৃতির এই অপূর্ব দৃশ্য দেখতে আগ্রহীদের জন্য তেঁতুলিয়া হয়ে উঠেছে শীতের আগমনী মৌসুমের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.