
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
দেশের উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে এখনো শীতের তীব্রতা শুরু হয়নি। তবে তাপমাত্রা কমতে শুরু করায় গরমের ভোগান্তি অনেকটাই কমেছে। তেঁতুলিয়ায় শনিবার (২৪ অক্টোবর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত এক মাস ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় রোদ থাকলেও আগের তুলনায় গরমের তীব্রতা কমেছে। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। নভেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমতে পারে। মাসের মাঝামাঝি সময়ে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, তেঁতুলিয়া এলাকায় সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তবে চলতি মাসের ২৭ তারিখ থেকে কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত শুক্রবারও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতের আগমনী বার্তা জানান দিতে ভোরের দিকে কিছুটা কুয়াশা পড়ছে। ঘাস ও আমন ধানের পাতায় জমছে শিশিরবিন্দু। গরমের তীব্রতা কমায় মানুষও স্বাভাবিকভাবে দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন।
ভ্যানচালক রবিন বলেন, ‘এবার গরমে ভীষণ কষ্ট পেয়েছিলাম। তবে সেই গরম আর নেই। শীতও এখনো সেভাবে পড়েনি। সামনে শীতের তীব্রতা বাড়তে পারে।’
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কৃষক নবির উদ্দীন বলেন, নভেম্বরে আমন ধান কাটা শুরু হবে। সে সময় শীত বাড়তে পারে বলে তিনি মনে করছেন। তবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাপমাত্রা ও শীতের তীব্রতায়ও পরিবর্তন আসতে পারে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.