
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও জরিপ নিয়ে অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ জরিপ-২০২৬-এর বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হালিম।
তিনি জানান, সোমবার (১২ অক্টোবর) থেকে রাণীনগর উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ জরিপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাণীনগর, একডালা ও মিরাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করা হবে।
কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গত ১০ ও ১১ অক্টোবর তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে প্রতিটি ইউনিয়নে একজন সুপারভাইজার ও চারজন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে পরিবারের নিজস্ব দাবি বা নিজেদের দরিদ্র-সচ্ছল হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি একমাত্র ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে না। পরিবারের আর্থসামাজিক অবস্থা নির্ধারণে বৈজ্ঞানিক পিএমটি পদ্ধতি অনুসরণ করা হবে।
এই পদ্ধতিতে পরিবারের জীবনযাত্রা, আর্থসামাজিক অবস্থা এবং নির্ধারিত বিভিন্ন সূচকের ভিত্তিতে তথ্য বিশ্লেষণ করে যোগ্যতা যাচাই করা হবে। ফলে ব্যক্তিগত দাবি বা মৌখিক বক্তব্যের পরিবর্তে নির্ধারিত তথ্য ও মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা সম্ভব হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে। তথ্য সংগ্রহকারীরা জিপিএস সুবিধাসম্পন্ন ট্যাবলেটের মাধ্যমে পরিবারের তথ্য সংগ্রহ ও দাখিল করবেন। পরে সংশ্লিষ্ট সুপারভাইজাররা সংগৃহীত তথ্যের নির্ভুলতা ও সামঞ্জস্য যাচাই করবেন। এরপর উপজেলা ও জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে তথ্য আরও যাচাই-বাছাই করা হবে।
আব্দুল হালিম বলেন, পুরো কার্যক্রমের বিশ্বাসযোগ্যতার জন্য সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহকারীদের প্রকৃত তথ্য লিপিবদ্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট সুপারভাইজার ও কমিটিকে যথাযথভাবে যাচাইয়ের দায়িত্ব পালন করতে হবে।
তিনি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, পরিবারের প্রকৃত অবস্থা অনুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। একই সঙ্গে তথ্য সংগ্রহকারীদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি স্পষ্ট করে বলেন, জরিপে তথ্য প্রদান করলেই কোনো ব্যক্তি বা পরিবার স্বয়ংক্রিয়ভাবে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য হবেন না। সরকারি নীতিমালা, পিএমটি ভিত্তিক মূল্যায়ন এবং পরবর্তী যাচাই-বাছাইয়ের মাধ্যমে কার্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে। এ পর্যায়ে কারও কার্ড পাওয়ার নিশ্চয়তা দেওয়া বা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নাম অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিও গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, এ কার্যক্রমে অংশগ্রহণ বা তথ্য প্রদানের জন্য কোনো অর্থ দিতে হবে না। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তার কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলসহ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.