
স্টাফ রিপোর্টারঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। তিনি নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার ওয়াহেদ আলী সরকারের ছেলে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহজালাল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আগামী দুই বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে।
অধ্যাপক আব্দুল হামিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তিনি এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০২০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ডেনমার্ক, স্লোভেনিয়া, স্পেন ও ক্রোয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
গত প্রায় দুই বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১২টি।
ছাত্রজীবনেও অধ্যাপক আব্দুল হামিদ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে সম্মিলিত মেধা তালিকায় তিনি প্রথম স্থান অর্জন করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে নিজ সেশনে সর্বোচ্চ নম্বর অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ফেলোশিপ লাভ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন। রচনা লেখা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে তৎকালীন প্রধানমন্ত্রীদের কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন।
এছাড়া মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি নাটোর শিক্ষা ফাউন্ডেশন স্বর্ণপদক, অগ্রণী ব্যাংক গোল্ড মেডেল, সৈয়দ আমীর আলী স্বর্ণপদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরস্কার লাভ করেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ বলেন, শাবিপ্রবির বিজনেস ফ্যাকাল্টিকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করা, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার সংযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা বৃদ্ধিতে ডিন অফিস নিরলসভাবে কাজ করবে। এ ক্ষেত্রে তিনি দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
অধ্যাপক আব্দুল হামিদ একজন লেখক ও বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত কলামের লেখক হিসেবেও পরিচিত।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.