
মহুয়া জান্নাত মনি, রাঙ্গমাটি প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন এবং বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল।
বুধবার সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটে ১৮ এপিবিএনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএম-সেবা। অনুষ্ঠানে এপিবিএনের পুলিশ পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে ১৮ এপিবিএন ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে কাজ করেছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি ও সাইবার ক্রাইম সেলের সদস্যদের প্রযুক্তিগত সহায়তায় ৫৩টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত অন্য নম্বরে পাঠানো ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সময়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা করা হয়েছে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে অধিনায়ক রেজাউল করিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি রক্ষা করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইলসংক্রান্ত অপরাধ দমনে সাইবার ক্রাইম সেল কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সেবা আরও সহজ ও দ্রুত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
হারানো মোবাইল ফোন ও ভুলবশত পাঠানো টাকা ফিরে পেয়ে মালিকেরা ১৮ এপিবিএন ও সাইবার ক্রাইম সেলের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.