
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের দুই কর্মকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।
আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করা ৩০ লাখ টাকা এবং তাঁর কাছ থেকে নেওয়া আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে সান্তাহার থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিলেন।
তিনি বলেন, দুপুরের দিকে পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত চার ব্যক্তি তাঁদের পথরোধ করেন। পরে লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে তাঁদের কাছে থাকা ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ফিরোজ হোসেন আরও বলেন, ছিনতাইকারীদের মারধরে তাঁর প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.