
মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ পরিবারের সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর হেলাল উদ্দিন। আগুনে একটি ছাগল মারা গেছে এবং একটি গর্ভবতী গরু গুরুতর দগ্ধ হয়েছে। একই সঙ্গে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম রিকশা-ভ্যান, ঘরের আসবাবপত্র, পোশাক, মেয়ের পড়াশোনার বই-খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার প্রেমতলী এলাকার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেলেও কোনো মালামাল বের করে আনতে পারেননি।
তারা আরও জানান, আগুনের তীব্রতায় গোয়ালঘরে থাকা একটি ছাগল পুড়ে মারা যায়। একই ঘটনায় একটি গর্ভবতী গরুও গুরুতর দগ্ধ হয়েছে। দিনমজুর হেলাল উদ্দিনের জীবিকার একমাত্র অবলম্বন রিকশা-ভ্যানটিও আগুনে পুড়ে যায়। এছাড়া ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, স্কুলপড়ুয়া মেয়ের বই-খাতা এবং বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রসহ দৈনন্দিন ব্যবহারের প্রায় সবকিছুই আগুনে ধ্বংস হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের পর পরিবারটি আশ্রয়হীন হয়ে পড়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন হেলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটির জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
স্থানীয়রা অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে দ্রুত সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.