
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে (৫১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি বলেও পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে, আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুক্তা পঞ্চগড় এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশ সুপার আবু সাইমের নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানের পাশাপাশি কুইক রেসপন্স টিম (কিউআরটি) পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে অভিযান চালায়। একপর্যায়ে কাজীপাড়ায় মুক্তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলামিন হত্যা মামলায় মুক্তাকে এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ২০২৪ সালের ১০ নভেম্বর মামলা নম্বর-১২ এবং জিআর নম্বর-৪২১/২৪ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত কবির ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মুক্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.