
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্মূল্যায়ন, সশস্ত্র সংঘাত ও চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, নীতি নির্ধারণ ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকার সম্প্রতি তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এসব কমিটির উদ্যোগ পাহাড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। কমিটিগুলোর গঠনমূলক কার্যক্রমে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার কথাও জানান।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্মূল্যায়ন এবং জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি পাহাড়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ‘লিগ্যাল টাস্কফোর্স’ গঠন, জেলা পরিষদের অধীন শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ মন্ত্রণালয়ের অধীনে ফিরিয়ে নেওয়া এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ‘অনগ্রসর কোটা’ চালুর দাবি জানানো হয়।
এছাড়া পার্বত্য জেলা ও আঞ্চলিক পরিষদে জনসংখ্যার অনুপাতে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বিদেশি এনজিওগুলোর কার্যক্রমে তদারকি বাড়ানোরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালকে স্বপদে বহাল রাখার দাবিও জানানো হয়। লিখিত বক্তব্যে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে তাঁর ভূমিকার কথা উল্লেখ করা হয়।
এ সময় জেএসএসের সাম্প্রতিক একটি বিবৃতির সমালোচনা করে পিসিএনপির নেতারা বলেন, সংগঠনটির বিরুদ্ধে সশস্ত্র কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। একই সঙ্গে শিশির চাকমার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বক্তব্য নিয়েও আপত্তি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য হাবীব আজম, পিসিএনপি রাঙ্গামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন, পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.